স্যামসাং’র দুঃখপ্রকাশ
প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো একের পর এক ভাঁজকরা স্মার্টফোন নিয়ে বাজারে আসছে। এই ফোন নিয়ে ঝামেলায় পড়েছে স্যামসাং। স্মার্টফোন গ্যালাক্সি ফোল্ডের জন্য এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো সরবরাহ তারিখ জানাতে পারছে না স্যামসাং। মঙ্গলবার একথা জানিয়েছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।
মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব গ্রাহক ডিভাইসটির জন্য প্রি-অর্ডার করেছেন তাদের কাছে ক্ষমাও চেয়েছে স্যামসাং।
১৯৮০ মার্কিন ডলারের এই ফোল্ডএবল ডিভাইসটি পর্যালোচকদের হাতে আসার পরপরই বিভিন্ন ডিভাইসের পর্দা ভেঙ্গে যেতে দেখা গেছে।
প্রি-অর্ডার করা মার্কিন গ্রাহকদেরকে ইমেইলে স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা যদি আপনাদের কাছ থেকে কোনো উত্তর না পাই এবং ৩১ মে’র মধ্যে ডিভাইস সরবরাহ না করি, তাহলে আপনার অর্ডার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।’
প্রথম বছরে অন্তত ১০ লাখ ফোল্ড ডিভাইস বানানোর পরিকল্পনা করেছে স্যামসাং।